ভারতের আর্থিক রাজধানী Mumbai-এর মুলুন্ড এলাকায় নির্মাণাধীন মেট্রোরেলের একটি পিলারের অংশ খসে পড়ে সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই একটি ভারী কংক্রিটের অংশ ওপর থেকে নিচের ব্যস্ত সড়কে পড়ে যায়। এতে নিচ দিয়ে চলাচলরত একটি অটোরিকশা সম্পূর্ণভাবে চাপা পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের বের করে আনেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক ব্যক্তি প্রাণপণে বের হওয়ার চেষ্টা করছেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে সহযোগিতা করেন। অটোরিকশার পাশে থাকা একটি ব্যক্তিগত গাড়ির সামনের অংশও ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা Mumbai Metropolitan Region Development Authority (এমএমআরডিএ) এক বিবৃতিতে জানায়, মুলুন্ড ফায়ার স্টেশনের নিকটে নির্মাণাধীন ১৯ নম্বর পিলারের ‘প্যারাপেট’ অংশ খসে পড়ে। ঘটনার পরপরই উদ্ধারকারী সংস্থা ও বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
আহত দুইজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নির্মাণকাজে নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় মেট্রোর নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পুলিশ যান চলাচল আংশিক নিয়ন্ত্রণে রেখেছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে এমন ঝুঁকিপূর্ণ কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে দিনের বেলায় বড় দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
0 মন্তব্যসমূহ